
গাজীপুর প্রতিনিধি | বর্তমান নিউজ
গাজীপুরের কালিয়াকৈরে একটি ওষুধ কারখানার হারবাল সেকশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চলছিল।
এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত কারখানাটির হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
তিনি আরও জানান, আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।