
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন জ্বালান তাঁরা। এতে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তাঁরা। কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় প্রথমে কর্মবিরতি এবং পরে সড়কে নেমে অবরোধ শুরু করেন।
এর আগে সকালে ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে শ্রমিকদের সচেতন করার জন্য সভা করেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান। সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে সরাতে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অবরোধ তুলে নেওয়ার বিষয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।