
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন, যা ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ, বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিনিয়োগের এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী।
‘বিগ-বি’ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা
সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশ ও জাপানের সহযোগিতার অন্যতম ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগ আরও সম্প্রসারণ করা হচ্ছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে নিকট ভবিষ্যতে বাংলাদেশে জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানো হবে।
অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করতে দ্রুততম সময়ে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) কার্যকর করা এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
চার স্তম্ভে নতুন কৌশলগত অংশীদারত্ব
জাপানের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ও জাপানের নতুন কৌশলগত অংশীদারত্ব চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। এগুলো হলো—আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও নিয়মনীতি প্রণয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা।
সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দেবে জাপান
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা সক্ষমতা বাড়াতেও কাজ করার কথা জানিয়েছেন সানায়ে তাকাইচি। সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে টহল জাহাজ দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
এ ছাড়া, অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।
আঞ্চলিক যোগাযোগে বাংলাদেশের গুরুত্ব
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে জাপানের প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।