
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে এবং লুটপাটের মাধ্যমে স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে গতি ফিরিয়ে আনা এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার দিনরাত কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রায় সব জেলা হাসপাতালের পরিস্থিতি একই রকম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে ১৯ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এসব হাসপাতালের শয্যাসংখ্যা ৫০-এ উন্নীত করা হয়। এরপর আর কোনো সরকার হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ায়নি বলে দাবি করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের ডেঙ্গু, হামসহ বিভিন্ন রোগের ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, তা জানতে চান।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।