
নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ময়লা-আবর্জনা ফেলা, জায়গাটি অপরিচ্ছন্ন করে রাখা এবং জুতা পায়ে মিনারে ওঠার অভিযোগ উঠেছে। এমনকি সেখানে মাদক সেবনের অভিযোগও রয়েছে। এতে মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত এই স্থানের পরিবেশ ও মর্যাদা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার বাঙালির আত্মত্যাগ, ভাষার অধিকার ও জাতীয় চেতনার প্রতীক। সেই স্মৃতিবিজড়িত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং অসম্মানজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়।
শহীদ মিনারের পবিত্রতা ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের প্রশাসন ও সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছেন। শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মাদক সেবন ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করা এবং এর যথাযথ মর্যাদা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন নারায়ণগঞ্জের সচেতন মহল।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা শুধু নির্দিষ্ট দিবসে ফুল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁদের স্মৃতিবিজড়িত স্থান পরিচ্ছন্ন রাখা ও যথাযথ সম্মান প্রদর্শন করাও সবার দায়িত্ব।