
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। ঘটনার তদন্ত চলমান রয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এর আগে শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন না।