
চট্টগ্রাম প্রতিনিধি | বর্তমান নিউজ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আবুধাবি থেকে আসা ওই যাত্রীর ব্যাগেজে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের দণ্ড ও তাঁর কাছে থাকা স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বিমানবন্দরের কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে চিহ্নিত হওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস গোয়েন্দারা যৌথ অভিযান চালান। এ সময় তাঁর ব্যাগেজ তল্লাশি করে ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দণ্ড এবং ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ব্যাগেজে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে স্বর্ণের দণ্ডগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আটক কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণের রাজস্বমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের এবং তাঁকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।