
নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
পরিবেশ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ৩২ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেলে বাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, স্থায়ী সদস্য শোভন কমলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
নবগঠিত সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নাছির উদ্দিন, শেহান রাজ্জাক সঞ্জয়, আকাশ খান, সোহেল রানা, শামীম আলম সাজিদ, কাজী কর্নিয়া, শাকিল প্রধান, জাহিদ নোমান, জান্নাতুল আভা, আরমান হোসেন ও বকুল বিশ্বাসসহ মোট ৩২ জন।
কমিটি গঠনের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জের পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করা, দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ রক্ষার আন্দোলনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, বায়ুদূষণ, শব্দদূষণ, জলাশয় ও খাল দখল, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং সবুজায়নের অভাব পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং স্থানীয় পরিবেশগত সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নবগঠিত কমিটি পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও গতিশীল করতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।