
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার একটি ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে কারখানার ভেতরে ওষুধ তৈরির কেমিক্যাল ও বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় পরে আশপাশের আরও ১৮টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
আগুনের ভয়াবহতার খবরে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রমে অংশ নেন তারা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও সতর্ক অবস্থানে রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানার ভেতরে কেমিক্যাল থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এর সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।