
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউএনও গোল্ডকাপ-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, দল গঠন, খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মাঠ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
সভায় জানানো হয়, ইউএনও গোল্ডকাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের দল এবং একটি ফুটবল ক্লাবসহ মোট আটটি দল অংশ নেবে। ইউনিয়ন পরিষদের সাতজন চেয়ারম্যান নিজ নিজ দলের দায়িত্ব পালন করবেন। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলোকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় খেলার সামগ্রী সরবরাহ করা হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরি। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। ইউএনও গোল্ডকাপের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করার সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, সদর উপজেলার সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন করে লাইসেন্সধারী প্রশিক্ষক নিয়োগ এবং খেলোয়াড়দের সুবিধার্থে ড্রেসিংরুমের ব্যবস্থা করা হবে।
ফুটবলের পাশাপাশি ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসের মতো খেলাধুলার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা আরও গতিশীল হবে এবং নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ছাত্র ও যুবসমাজকে খেলাধুলামুখী করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে উপজেলা ক্রীড়া সংস্থা। এরই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে ইউএনও গোল্ডকাপ আয়োজন করা হচ্ছে। নিয়মিত খেলাধুলার আয়োজন এবং এসব উদ্যোগের প্রচার বাড়ানো গেলে সাধারণ মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও রাজনৈতিক নেতারা।