
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিদুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত দুটি অভিযোগের বিষয়ে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় পৃথক দুটি অভিযোগের তদন্ত পরিচালনা করা হয়। এর মধ্যে একটি তদন্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা এবং দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকের ভিত্তিতে এবং অপরটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
তদন্ত দুটি পরিচালনা করেন উপপরিচালক শেখ মো. হাফিজুর রহমান। এ সময় সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য নেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে, বিদায়ী এসি ল্যান্ডের বিরুদ্ধে একটি তেলের পাম্পে অশোভন ভাষা ব্যবহারের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া পুকুর লিজসংক্রান্ত বিষয়ে দুইটি ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগ তুলে ধরেছেন।