
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: হুমায়ূন কবির সাদী।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং সন্তানদের শিক্ষার প্রতি মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ছগির আহমেদের উদ্যোগে আয়োজিত সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি ছগির আহমেদ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর প্রশংসা করেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। আর এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করছে কি না—এসব বিষয়ে মায়েদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
তাঁরা আরও বলেন, শুধু বিদ্যালয়ে পাঠালেই সন্তানের শিক্ষার দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি, নৈতিক শিক্ষা প্রদান এবং সন্তানের মানসিক বিকাশে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক এবং সমন্বিত উদ্যোগ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার মান আরও উন্নত করা সম্ভব।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, যুবদলের আহ্বায়ক এমদাদুল হক মিলন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, বিএনপি নেতা শিব্বির আহমেদ এবং বিশিষ্ট শিল্পপতি শাহজালাল রহমানসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।