
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে তাঁর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরপরই তাঁকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার খবর আসে।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। পরে তিনি রাজশাহী সফর করেন।
রাজশাহীতে নির্ধারিত কর্মসূচি শেষে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।