
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
পিরোজপুরের নাজিরপুরে কালিগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রিনা বেপারী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাদ এলাকায় নদীতে মরদেহটি ভেসে ওঠে। এর আগে দুর্ঘটনার দিনই তাঁর আট বছরের মেয়ে অর্পিতা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা সেটি রিনা বেপারীর মরদেহ বলে শনাক্ত করেন।
রিনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী। মা-মেয়ে একই ট্রলারডুবির ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বোঝাই একটি ট্রলার অতিরিক্ত ভারে একদিকে কাত হয়ে যায়। এতে ১৫ থেকে ২০ জন যাত্রী কালিগঙ্গা নদীতে পড়ে যান। তাঁদের অধিকাংশই সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ হন রিনা বেপারী ও তাঁর মেয়ে অর্পিতা।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে অর্পিতার মরদেহ উদ্ধার করা হয়। রাত ১টা পর্যন্ত অভিযান চালানোর পর সাময়িক বিরতি দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল আবারও তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও রিনার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
অবশেষে বুধবার সকালে মধুরাবাদ এলাকায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দেবর মরদেহটি শনাক্ত করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার দিন শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও গৃহবধূ নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, ট্রলারডুবির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে কারও বিরুদ্ধে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাট ইজারাদারদের অবহেলা পাওয়া গেলে ইজারা বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।