
**নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ**
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামে এক গৃহবধূকে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে বন্দর উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া আক্তার নিশি ওই এলাকার দেলোয়ার হোসেন ও পুতুল বেগমের মেয়ে। তাঁর স্বামী অভিযুক্ত মনির রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুল ও আদরি খাতুনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সোমবার রাতেও এ বিষয় নিয়ে তাঁদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নিশি ঘুমিয়ে পড়লে ভোররাতে মনির ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করেন এবং পরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে বন্দর থানার ডিউটি অফিসারের নির্দেশে এসআই নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)-এর মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।