
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে শরিফুল ইসলাম নামে এক আসামি পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে তাকে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে পালিয়ে যান তিনি।
জানা গেছে, এর আগেও গত বছরের জুন মাসে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে মারধর করে পালিয়েছিলেন শরিফুল।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
শরিফুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহমেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে