
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্যতার কারণে শিক্ষার্থীদের বছরের পর বছর অপেক্ষায় রাখতে চান না তাঁরা। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় থাকবে, নাকি কারিগরি শিক্ষায় যাবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুনঃপরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি শিক্ষার আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্তমান নিয়মে কোনো বিষয়ে অকৃতকার্য হলে সাধারণত পরের বছর আবার পরীক্ষায় বসতে হয়। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা অকৃতকার্য বিষয়গুলোতে দ্রুত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তবে পরীক্ষার চূড়ান্ত নিয়ম ও সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর জানা যাবে।