
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
মোটরসাইকেল ও মোবাইল ফোন বিনামূল্যে সার্ভিসিংয়ের সুযোগ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির উদ্যোগে ২ হাজার ৮০০টির বেশি মোবাইল ফোন এবং ৫০০টির বেশি মোটরসাইকেল বিনামূল্যে সার্ভিসিং করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি লেখেন, ‘এ যাবৎ ২৮০০+ মোবাইল এবং ৫০০+ মোটরসাইকেল ফ্রি সার্ভিসিং করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আপনিও নিতে পারেন আমাদের সেবা।’
তবে কীভাবে এ সেবা গ্রহণ করা যাবে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পূর্বনির্ধারিত ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এর আগে বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে আগে থেকেই আরএফআইডি সংবলিত উন্নতমানের রেট্রো-রিফ্লেকটিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। এর ধারাবাহিকতায় এবার মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।