
নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
‘মর্যাদাপূর্ণ বার্ধক্য, আমাদের সবার অঙ্গীকার’—এমন প্রত্যয়কে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ নাগরিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা খোরশেদা আলম লিপি খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা প্রবীণদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্র গঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাই জীবনের শেষ পর্যায়ে এসে যেন কোনো প্রবীণ অবহেলা, একাকিত্ব কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, প্রবীণদের চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; প্রবীণদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
আন্তর্জাতিক প্রবীণ দিবসের কর্মসূচিতে প্রবীণদের জীবনমান উন্নয়ন, তাদের প্রতি পারিবারিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমাজে প্রবীণবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বর্ণাঢ্য এ র্যালিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিবসটির কর্মসূচির মাধ্যমে প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।