
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মসজিদ, কয়েকটি দোকান, তুলার গুদামসহ বেশ কিছু স্থাপনা পুড়ে গেছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৪টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের শেষ ভাগে এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে ঝুটের গুদাম, তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান ও একটি মসজিদ পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।