বর্তমান নিউজ ডেস্ক
ইরানের বন্দর থেকে নৌ-অবরোধ ভেঙে বেরিয়ে আসার চেষ্টার অভিযোগে একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম এ তথ্য জানিয়েছে।

সেন্টকমের দাবি, পালাউয়ের পতাকাবাহী জাহাজটি ইরানের বন্দর আব্বাস থেকে যাত্রা করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছিল। পরে ওমান সাগরে পৌঁছালে জাহাজটিকে থামার জন্য একাধিকবার সতর্ক করা হয়। তবে সতর্কতা উপেক্ষা করে চলতে থাকায় এতে হামলা চালানো হয়।
বিবৃতিতে সেন্টকম জানায়, হামলায় জাহাজটির প্রপালশন ব্যবস্থা অকার্যকর হয়ে যায় এবং নৌযানটি সম্পূর্ণ থেমে যায়। তবে জাহাজে থাকা বেসামরিক ক্রুরা অক্ষত রয়েছেন।

‘প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটি ইরানের অন্যতম বৃহৎ বন্দর আব্বাস থেকে ছেড়ে এসেছিল। সেন্টকমের তথ্যমতে, নৌ-অবরোধ কার্যকর করতে এখন পর্যন্ত ১৫৮টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং ছয়টি জাহাজে হামলা চালানো হয়েছে।
ইরানের সঙ্গে টানা ৪০ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরবর্তী সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করেছে।

ইরানের বিপ্লবী গার্ডের দাবি, গত এক সপ্তাহে প্রায় ৫০টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এসব হামলার দায় সরাসরি স্বীকার না করে জাহাজগুলো পানিতে থাকা মাইনের আঘাতে দুর্ঘটনার শিকার হচ্ছে বলে দাবি করে আসছে তারা।
সূত্র: দ্য নিউ আরব
ব/নি-ব/জ