বর্তমান নিউজ ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজগুলোর শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ সম্মিলনে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা উপস্থিত রয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলেজ অধ্যক্ষদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মিলনকে উচ্চশিক্ষা খাতের গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার গুণগত মান এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে এ সম্মিলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো দেশের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষকসংকট, শ্রেণিকক্ষের পরিবেশ, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলার কলেজ অধ্যক্ষদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। শিক্ষা খাতের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের একসঙ্গে অংশগ্রহণের ফলে কলেজ পর্যায়ের উচ্চশিক্ষার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সম্মিলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী করার বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে।
ব/নি-ব/জ