
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং সংসদ সদস্য আবুল কালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
আলোচনা সভায় জেলা প্রশাসক জেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রাণিজ আমিষ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।
এ সময় গবাদিপশুর চিকিৎসায় ওষুধ ও অ্যান্টিবায়োটিকের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রদর্শনীতে বিভিন্ন খামারি তাঁদের গবাদিপশু ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট উৎপাদিত সামগ্রী প্রদর্শন করেন। এতে স্থানীয় খামারি ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রদর্শনীতে অংশগ্রহণকারী সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য হলো প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা, আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে খামারিদের উৎসাহিত করা।
সংশ্লিষ্টদের মতে, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।