বর্তমান নিউজ ডেস্ক
কথিত বন্দুকযুদ্ধের নামে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে আলোচিত এ মামলায় চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
ডিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার (রিকুইজিশন) পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত নুরুজ্জামান জনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।
পরে ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একই বছরের সেপ্টেম্বরে এ ঘটনায় মামলা করেন নিহত জনির বাবা মো. ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৯ জন নেতা-কর্মী রয়েছেন। দীর্ঘদিন আগের এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
ব/নি-ব/জ