বর্তমান নিউজ ডেস্ক
বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যার ঘটনায় অসহায় হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনকে চাকরি দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগর ভবনে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন। তিনি বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।
গত ১৯ নভেম্বর রাতে হামলার শিকার হয়ে নিহত হয় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব। এর আগে স্বামীকে হারানোর পর ছেলেকেও হারিয়ে একমাত্র মেয়েকে নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছিল ইয়াসমিনের। এমন পরিস্থিতিতে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে এগিয়ে আসে সিটি করপোরেশন।

নিয়োগপত্র প্রদানকালে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, গালিব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের সামনে সড়ক অবরোধ করলে তিনি সেখানে যান। এ সময় গালিবের মা ও স্বজনেরাও উপস্থিত ছিলেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে সেদিনই গালিবের মাকে সিটি করপোরেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
তিনি আরও বলেন, গালিবের বাবা জুলাই যোদ্ধা ছিলেন। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। চিকিৎসার জন্য তাদের সহযোগিতাও করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তিনি মারা যান। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় গালিবও নিহত হয়।
এম আর ইসলাম স্বাধীন জানান, গালিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছিল। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গালিবের মায়ের শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় নিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বগুড়া শহরকে নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চান। দলমত নির্বিশেষে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। অপরাধে জড়িত কেউ দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না।
চাকরির নিয়োগপত্র পেয়ে আবেগাপ্লুত ইয়াসমিন খাতুন বলেন, আলহামদুলিল্লাহ, তিনি খুব খুশি। বিপদের সময় এম আর ইসলাম স্বাধীন তার পাশে দাঁড়িয়েছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।

ইয়াসমিন বলেন, তার আর্থিক অবস্থা ভালো ছিল না। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকেও হারাতে হয়েছে। থাকার মতো নিজের কোনো বাড়ি বা ঘর নেই। মেয়েকে নিয়ে অন্যের বাসায় থাকেন। এই চাকরি পেয়ে তিনি অনেক খুশি। তবে যারা তার ছেলেকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চান।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।
ব/নি-ব/জ