বর্তমান নিউজ ডেস্ক
যুদ্ধবিরতি চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে মধ্য গাজায় চালানো এ হামলায় তার স্ত্রীও নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ উপশিক্ষামন্ত্রীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নেতানিয়াহুর দাবি, খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক ও শিক্ষাবিষয়ক দায়িত্বে ছিলেন। হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

নেতানিয়াহু আরও দাবি করেন, গত মাসেই ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের ৮০ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলের ধারাবাহিক হামলা বন্ধে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা করেছে হামাস। তবে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

এর আগে মঙ্গলবার গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানকে তার স্ত্রী ও দুই মেয়েসহ ইসরায়েলি হামলায় হত্যার ঘটনা ঘটে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ব/নি-ব/জ