বর্তমান নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় হিন্দু ও ইহুদি সংগঠন। এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া হিন্দু সংস্থা ও অস্ট্রেলিয়া ইহুদি সংস্থা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যৌথ বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করে, শফিকুর রহমান অতীতে হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর তাঁর প্রশংসা করে তাঁকে ‘হিরো’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। একইভাবে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠন দুটি দাবি করে, দলটির সাবেক কয়েকজন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
শফিকুর রহমানের সফরের বিরোধিতা করে সংগঠন দুটি জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল তাঁকে অভ্যর্থনা জানায়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের কাছে প্রশ্ন তুলে সংগঠন দুটি জানতে চেয়েছে, কেন তাঁকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না।
অস্ট্রেলিয়ার ইহুদি সংস্থার সভাপতি রবার্ট গ্রেগরিও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়লেত সাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এমন পরিস্থিতিতে হামাসের প্রশংসা করেছেন বলে অভিযোগ রয়েছে—এমন একজন নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ব/নি-ব/জ