বর্তমান নিউজ ডেস্ক
ফেনীর বিলোনিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ হিসেবে পরিচিত মুহুরীর চরে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
বিজিবি সূত্রে জানা গেছে, পরশুরাম সীমান্তে আগে একটি টহলদল দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনটি টহলদল নিয়মিত নজরদারি করছে। ক্যাম্পগুলোতে সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে ১০ থেকে ১২ জন সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কয়েকজন নাগরিককেও নজরদারি কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

সূত্র জানায়, পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় থাকা বিজিবির ১০টি ক্যাম্পে জনবল বাড়ানো হয়েছে। প্রতিটি ক্যাম্পে নতুন করে ৮ থেকে ১০ জন সদস্য যুক্ত করা হয়েছে। ফলে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির উপস্থিতি ও টহল কার্যক্রম বেড়েছে।
এদিকে, মুহুরীর চরে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি চালাচ্ছে বিজিবি। এর অংশ হিসেবে চর এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিয়মিত টহল বাড়ানো হয়েছে।
অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধ ও সন্দেহজনক অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও। বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা রয়েছে।
বিলোনিয়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর খান বলেন, বৈধ পথে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও রয়েছে।

এর আগে, রোববার (২২ নভেম্বর) বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্তের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং ভারত থেকে কোনো বিতর্কিত বা সন্দেহভাজন ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে তিনি বিলোনিয়ার মজুমদার হাট সীমান্ত ফাঁড়িও পরিদর্শন করেন। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের আশঙ্কায় দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় ফেনীর সীমান্ত এলাকাতেও বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিজিবি।
ব/নি-ব/জ