বর্তমান নিউজ ডেস্ক
গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্সে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে কয়েকজন বহিরাগত যুক্ত হন। একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালান এবং ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে সেগুলোতে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ব/নি-ব/জ