বর্তমান নিউজ ডেস্ক
আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন গোপনে ভিডিও তৈরি করে বিদেশে ছড়িয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আওয়ামী লীগের লোকজন এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মোটরসাইকেল র্যালির আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের কিছু লোক গোপনে ভিডিও তৈরি করছেন। খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটি এক ধরনের বার্তা প্রচারের কার্যক্রমে পরিণত হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। দলটির বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন রাজনৈতিক অবস্থানই বারবার প্রকাশ পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা আরও ক্ষীণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, তিনি দেশে ফিরবেন বলে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হলেও বাস্তবে তা হচ্ছে না। দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচার ও তৎপরতাকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস ও নাশকতার অভিযোগ তুলে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ড দলটির রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। এসব কর্মকাণ্ডের পেছনে ভারতের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব/নি-ব/জ