বর্তমান নিউজ ডেস্ক
বিদেশি আধিপত্যবাদ রুখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার পাশাপাশি বিদেশি আধিপত্যবাদী প্রভাব মোকাবিলা করাও ছিল দলটি গঠনের অন্যতম লক্ষ্য।
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের সময়ের মিল রয়েছে। সে সময় গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে গণতন্ত্রের পথ সংকুচিত করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল অধিকাংশ গণমাধ্যম। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। পরবর্তী সময়ে সিপাহি-জনতার ঐক্যের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান এবং দেশে বহুদলীয় রাজনীতি ও গণতন্ত্র ফিরিয়ে আনেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিবাদ মানুষের ওপর চেপে বসেছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান হয়েছে। এরপর নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং জনগণ তাঁকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। তারেক রহমান দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন বলে তাঁরা বিশ্বাস করেন। তবে সেই প্রত্যাশা বাস্তবায়নে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, পরাজিত ফ্যাসিবাদের পক্ষে অবস্থান না নিয়ে সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বারবার আধিপত্যবাদী শক্তি দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। রক্তপাত ও যুদ্ধের মধ্য দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। তাই কোনো ষড়যন্ত্রই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না।
বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারকে তিন থেকে ছয় মাসের মধ্যে এক দফার স্লোগান দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। গ্যাস, বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের সংকট কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।
বিএনপির ওপর দীর্ঘদিনের নির্যাতনের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, দলটির নেতাকর্মীরা অনেক অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও বিএনপি কখনো আন্ডারগ্রাউন্ডে যায়নি; বরং জনগণের পাশে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের অপরাধ স্বীকার করেনি এবং দেশবাসীর কাছে ক্ষমাও চায়নি বলে মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ—প্রতিটি ক্ষেত্রেই জিয়াউর রহমান দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্ষমতায় এসে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের স্বাধীনতা রক্ষা করেছিলেন এবং সেনাবাহিনীকে রক্ষীবাহিনীর প্রভাব থেকে রক্ষা করেছিলেন। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদী প্রভাব মোকাবিলা ও জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করতেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। এ কারণে বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় পরীক্ষিত রাজনৈতিক দল বলে দাবি করেন তিনি।
গোপালগঞ্জ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, আলাদা কোনো দেশ নয়। সেখানকার মানুষকেও আইনের শাসন মেনে চলতে হবে। কিছু সন্ত্রাসী সাময়িকভাবে তাণ্ডব চালাতে পারে, তবে দীর্ঘদিন এমন পরিস্থিতি ধরে রাখতে পারবে না। শত নির্যাতনের পরও বিএনপি প্রকাশ্যে থেকে রাজনীতি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমানের ‘পিন্ডি নয়, দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি সমর্থন জানিয়ে আবদুস সালাম বলেন, তাঁরা এ নীতিতে বিশ্বাস করেন। অন্য কোনো দেশের হুমকি বা চাপের কাছে তাঁরা মাথা নত করবেন না। যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা রক্ষায় বারবার মানুষ রক্ত দিয়েছে। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আরও ত্যাগ স্বীকারে দেশের মানুষ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য কোনো রাষ্ট্রের তাবেদারি না করে নিজের দেশ ও দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশ পুরোপুরি নিজের পায়ে দাঁড়াতে পারেনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ব/নি-ব/জ