বর্তমান নিউজ ডেস্ক
দিনাজপুরের ফুলবাড়ীতে চাঁদা না দেওয়ায় বিদ্যালয় ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এ সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলার গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজের কাছে চাঁদা দাবি করেন মাই টিভির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রধান শিক্ষক ও বিদ্যালয়কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালান। এতে বিদ্যালয় ও শিক্ষকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচার বন্ধ এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এর আগে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজ ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফিজারুল ইসলাম ভুট্টুর বক্তব্য পাওয়া যায়নি।
ব/নি-ব/ত