নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক কনস্টেবল নিহত হন।
নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করেছে। এ হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগের তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছিল, ওই অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও কিশোর অপরাধী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ব/নি-ব/ত