বর্তমান নিউজ ডেস্ক
রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে দোকানের সামনে পার্ক করে রাখা এক ব্যবসায়ীর মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে রাজবাড়ী সদর থানার পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মোটর্স অ্যান্ড মেশিনারিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গাড়ির মালিক মো. রফিকুল আলম (৫৮) জানান, রাতে তাঁর মিনি ট্রাকটি দোকানের সামনে পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাকটির পাশাপাশি পাশের বাড়ির বিদ্যুতের সার্ভিস তার ও মিটারও পুড়ে যায়।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রফিকুল আলম জানান, দোকানের সিসিটিভি ফুটেজে পেছন দিক থেকে ধারণ করা ভিডিওতে দুই ব্যক্তিকে গাড়িতে আগুন দিতে দেখা গেছে। তবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি রাজবাড়ী সদর থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা বলেন, রাত ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ২টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ব/নি-ব/জ