বর্তমান নিউজ ডেস্ক
সাভারের আশুলিয়ায় হাজিরা দিয়েও উৎপাদন কাজে অংশ নেননি পোশাক শ্রমিকরা। এ ঘটনায় অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিতপুর, নরসিংহপুর ও কাঠগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকদের সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কাজের সময় পরিবর্তনের প্রতিবাদে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে হাজিরা দেওয়ার পরই বেরিয়ে আসেন।
এ ঘটনার পর ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
এদিকে, সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় পোশাক শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও আন্দোলনের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
তবে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। তবে কাঠগড়া এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আশুলিয়ায় মোট ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে ১১টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।
ব/নি-ব/ত