বর্তমান নিউজ ডেস্ক
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দেশের আরও ছয় জেলাসহ সাত জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।
মোতায়েন করা সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
নাজমুস সাকিব আরও জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি রয়েছে সদস্যদের। সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সর্বোচ্চ সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ব/নি-ব/ত