বর্তমান নিউজ ডেস্ক
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. শাহানুর রহমান। এর আগে তিনি একই জেলার ফুলবাড়ী উপজেলায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের কর্মজীবনে কৃষক ও কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলে ফুলবাড়ীতে রেখে গেছেন কর্মময় স্মৃতি।
গত ১৫ নভেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, খামারবাড়ী, ঢাকার এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে ফুলবাড়ী উপজেলা থেকে পার্বতীপুর উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
মো. শাহানুর রহমান বিসিএস কৃষি ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন দিনাজপুরের ঘোড়াঘাট ও ফুলবাড়ী উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেও ফুলবাড়ীতেই কর্মরত ছিলেন।
তাঁর বদলির খবরে ফুলবাড়ীর কৃষক, সার ডিলার, বালাইনাশক ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলে স্মৃতিচারণা এবং আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, সহযোগিতাপূর্ণ আচরণ ও সততার কথা তুলে ধরেছেন স্থানীয়রা।
ভিমলপুর গ্রামের কৃষক রুবেল রানা বলেন, “তিনি সব সময় কৃষিবিষয়ক কাজে আমাদের সহযোগিতা করেছেন। তিনি একজন ভালো মানুষ। কৃষকদের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।”
নবগ্রামের কৃষক বেলাল বলেন, “তিনি সব সময় আমাদের কৃষকদের সহযোগিতা করেছেন। তাঁর আচরণ ছিল মার্জিত। এমন একজন মানুষকে আমরা ফুলবাড়ীর মানুষ হারালাম।”
কর্মকালীন অভিজ্ঞতা তুলে ধরে বিসিআইসি সার ডিলার সমীর কুমার মল্লিক বলেন, “তিনি খুবই ভালো মানুষ। সততা ও নিষ্ঠার সঙ্গে আমাদের উপজেলায় দায়িত্ব পালন করেছেন।”
বালাইনাশক কোম্পানির এক প্রতিনিধি বলেন, “তিনি ভালো মনের ও সৎ একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল।”
ফুলবাড়ী পেস্টিসাইড অ্যাসোসিয়েশনের সভাপতি হিটলার বাবু বলেন, “তিনি আমাদের সর্বদা সহযোগিতা করেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল।”
এ ছাড়া ৭ নম্বর শিবনগর ইউনিয়ন পরিষদের সদস্যরাও তাঁর দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও সহযোগিতাপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
কৃষি বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি মো. শাহানুর রহমান রাজারামপুর সরফউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি একজন সৎ ও আদর্শবান মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন তাঁরা।
ফুলবাড়ীতে দায়িত্ব পালনকালে কৃষক ও কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের কথা এখনো স্মরণ করছেন স্থানীয়রা। নতুন কর্মস্থল পার্বতীপুরে তাঁর দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং তিনি আরও সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশা জানিয়েছেন ফুলবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ব/নি-ব/ত