
বর্তমান নিউজ ডেস্ক।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর হোসিয়ারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ফ্যাসিস্ট সরকারের কিছু লোক দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা তাদের নাশকতার চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতেও তাদের অপতৎপরতা প্রতিহত করা যায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছেন। গত নয় মাসে বর্তমান সরকার সমাদৃত হয়েছে। কিন্তু বিগত সরকারের দোসর ও পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে দেশকে অস্থিতিশীল করা, গণতন্ত্রকে বিপন্ন করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, তারা গত ১৬ বছর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পরীক্ষিত কর্মী হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। আগামীতে দল, সরকার ও জিয়া পরিবারের জন্য যে পরীক্ষাই আসুক না কেন, সবাইকে সেখানেও উত্তীর্ণ হতে হবে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মো. রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য ডা. মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ শিবলী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।