বর্তমান নিউজ ডেস্ক
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতের বিচারক ইয়াসাসাওয়া বলেন, সামরিক অভিযান শুরুর আগে সেনাবাহিনীর মদতপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির জনগণের মধ্যে শত্রুতাপূর্ণ মনোভাব উসকে দিয়েছিল।
বিচারক বলেন, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছেন। আদালত দেখতে পেয়েছে, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে ধীরে ধীরে তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এবং তাদের প্রান্তিক ও অত্যন্ত অরক্ষিত অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনীর মদতপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে শত্রুতা আরও বাড়িয়ে তুলেছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আইসিজের এই গুরুত্বপূর্ণ রায়ের অপেক্ষায় রয়েছেন। তারা আশা করছেন, এই রায় তাদের ন্যায়বিচার পাওয়ার পথ এগিয়ে নেবে এবং শেষ পর্যন্ত নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।
১৫ বিচারপতির সমন্বয়ে গঠিত আদালতের রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গভীর আগ্রহ নিয়ে এই রায় পর্যবেক্ষণ করছেন।
২০১৭ সালের দমন-পীড়ন থেকে জাতিসংঘের আদালত: রোহিঙ্গা সংকটের এক দশক
২৫ আগস্ট ২০১৭: সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়।
২৬ আগস্ট ২০১৭: মিয়ানমারের সেনাবাহিনী ও আরসার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘাত তীব্র আকার ধারণ করলে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন।
২ সেপ্টেম্বর ২০১৭: ২৫ আগস্টের হামলার পর কয়েক সপ্তাহের মধ্যে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
১১ সেপ্টেম্বর ২০১৭: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিয়ানমারের সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ’ হিসেবে অভিহিত করেন।
১৯ সেপ্টেম্বর ২০১৭: মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন। তবে জাতিসংঘের জাতিগত নিধনের অভিযোগের বিষয়ে তিনি কিছু জানাননি।
১২ ডিসেম্বর ২০১৭: আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরে পরিচালিত এক জরিপের ফল প্রকাশ করে। এতে বলা হয়, সবচেয়ে রক্ষণশীল হিসাবেও ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০টি শিশু ছিল।
১০ জানুয়ারি ২০১৮: মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে। ২০১৮ সালের এপ্রিলে সাত সেনাসদস্যকে সাজা দেওয়া হলেও ২০১৯ সালের মে মাসে তাদের আগাম মুক্তি দেওয়া হয়।
আইসিজেতে যেভাবে এগিয়েছে এই মামলা
নভেম্বর ২০১৯: গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে মামলাটি করা হয়।
জানুয়ারি ২০২০: আইসিজে অন্তর্বর্তী আদেশ জারি করে। এতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে তার ক্ষমতার মধ্যে থাকা সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
২০২৩-২০২৪: কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ আইসিজের বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়া এবং গণহত্যা সনদ বিষয়ে নিজেদের ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানিয়ে হস্তক্ষেপের ঘোষণা দেয়। আইসিজে এসব আবেদন গ্রহণ করে।
জানুয়ারি ২০২৬: আইসিজে গণহত্যা মামলার ওপর প্রকাশ্য শুনানি গ্রহণ করে। এরপর আদালত রায় নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু করেন।
৩ নভেম্বর ২০২৬: আইসিজে ঘোষণা করে, আগামী ১৯ নভেম্বর এই মামলার রায় দেওয়া হবে।
সূত্র: এএফপি, বিবিসি।
ব/নি-ব/ত