বর্তমান নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও শ্রমিকদের জমায়েত বা বিক্ষোভের ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, মিরপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পুলিশ ও বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা যায়। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, সকাল থেকে এখন পর্যন্ত কোনো শ্রমিক সড়কে নামেননি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সকালে ভাষানটেক এলাকায় কয়েকজন পোশাকশ্রমিক রাস্তায় নামলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে চলে যান।
তিনি আরও জানান, মিরপুরের সব এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।
জানা গেছে, গত কয়েকদিন ধরে মিরপুর এলাকায় পুলিশ ও পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আজও বিভিন্ন সড়কে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। মিরপুর-১১ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ব/নি-ব/ত