নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বারের উদ্যোগে ফতুল্লায় দীর্ঘদিনের দখল, দূষণ ও ময়লা-আবর্জনায় প্রায় বিলীন হয়ে যাওয়া কাইল্যানী খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লার এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খালটির খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। দীর্ঘদিন ধরে খালটি ময়লা-আবর্জনা ও পলিতে ভরাট হয়ে থাকায় এর স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে পড়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালটি ভরাট হয়ে যাওয়ায় এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নের প্রায় ১০ লাখ মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পাশাপাশি জমে থাকা পচা পানির কারণে মশার উপদ্রবও বেড়েছে।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘব ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার লক্ষ্যে নিজ উদ্যোগে এ কর্মসূচি শুরু করেন মাওলানা আবদুল জব্বার।
খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, নগরবাসীর সেবা করার জন্য কেবল নির্বাচনের অপেক্ষায় বসে থাকলে চলবে না। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই জনস্বার্থে ও এলাকাবাসীর স্বস্তি ফেরাতে খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে যতটুকু খনন ও সংস্কার প্রয়োজন, তা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। একই সঙ্গে খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
মেয়র প্রার্থী আবদুল জব্বারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, খালটি পুনরায় সচল হলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে এবং এলাকার পরিবেশের উন্নতি হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইয়েদ মুন্না, এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদের সদস্য হোসেন, দেলোয়ার হোসেন গাজী, মো. অলিউল্লাহ, এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সোহেল খান, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফালু এবং ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিজানসহ স্থানীয় নেতাকর্মীরা।
ব/নি-ব/ত