নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরের জায়গায় আন্তর্জাতিক মানের মন্দির নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রমেশ দত্ত। নির্মিত মন্দিরটি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরের জায়গা পরিদর্শনকালে এসব কথা বলেন রমেশ দত্ত। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার তাঁকে সেখানে পাঠিয়েছেন।
রমেশ দত্ত বলেন, আইনগতভাবে ন্যায়সংগত মন্দিরের জায়গা কেউ দখল করতে পারবে না। সেখানে আন্তর্জাতিক মানের মন্দির নির্মাণ করা হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সেটির উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। এ সময় তিনি পলাতক শেখ হাসিনার রাজনৈতিক ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, এ ধরনের ট্যাগের কারণে বিএনপির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষের দূরত্ব তৈরি হতে পারে।
এদিকে বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় জানান, মন্দিরের জায়গা উদ্ধার এবং সেখানে পূজা-অর্চনায় কেউ বাধা দিতে পারবে না বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার আশ্বাস দিয়েছেন।
সুমন কুমার রায় বলেন, ভয় পাওয়ার কিছু নেই। অধিকার আদায় করে নিতে হয় এবং তাঁরা নিজেদের অধিকার আদায় করে নেবেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন প্রায় দেড় যুগ ধরে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগসহ বিভিন্ন বিষয় কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন।
মন্দির পরিদর্শনকালে বিশ্ব হিন্দু ফেডারেশনের নেতা সন্তোষ চন্দ্র দাস, বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় নেতা কানুলাল কর, প্রাণতোষ তালুকদার, প্রসেনজিৎ বকশী ও রুপম সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া পূজা উদযাপন ফ্রন্ট এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও থানা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
ব/নি-ব/ত