বর্তমান নিউজ ডেস্ক
জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছিল তিন বছর বয়সী শিশু আবু বক্কর। শিশুটির চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা চেয়ে প্রকাশিত একটি আবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমানের। বিষয়টি জানার পর শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার জন্য উদ্যোগ নেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে রাজধানী ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শিশুটির চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
বুধবার (১৮ নভেম্বর) অস্ত্রোপচারের পর শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি জানতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এম. আর. হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর নেয়।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আবু বক্করের পরিবারের সঙ্গেও কথা বলেন। শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন তারা।
হাসপাতালে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, ডা. এ. এস. এম. মাহবুব মুন্না, ডা. মো. মাহফুজুল আলম, ডা. জাকিয়া সুলতানা, ডা. আবু মোস্তফা কামাল, ডা. মো. মাসুদ রানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. শামীমা ইয়াসমিন ও ডা. আদনান।
এ ছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ সংশ্লিষ্ট অন্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা, অস্ত্রোপচার এবং পরবর্তী সময়ে শিশুটির খোঁজখবর নেওয়ার এ উদ্যোগে সহযোগিতা পেয়েছে আবু বক্করের পরিবার।