বর্তমান নিউজ ডেস্ক
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। দাবি আদায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে মালেকের বাড়ি এলাকায় সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে শ্রমিকরা বিভিন্ন দিক থেকে আবারও সড়কে অবস্থান নেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা ২৫ মিনিট) বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। সংঘাতের কারণে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড়, বাংলাবাজারসহ আরও কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন।
ব/নি-ব/ত