বর্তমান নিউজ ডেস্ক
হরমুজ প্রণালিতে অবস্থিত নিজেদের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো তেলসমৃদ্ধ আরব দেশ কুয়েতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কুয়েত কর্তৃপক্ষ।
অন্যদিকে বাহরাইনেও হামলার সতর্কতা জারি করা হয়। বুধবার ভোর হওয়ার আগে দেশটিতে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপর আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার শব্দ শোনা যায়। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো ইরানের হামলার মুখে পড়ল বাহরাইন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে কুয়েত ও বাহরাইনও একাধিকবার ইরানের হামলার শিকার হয়েছে। এসব হামলায় দেশ দুটির বিদ্যুৎকেন্দ্র, পানি পরিশোধনাগার ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন করে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। কুয়েতের পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে মার্কিন সেনারা হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়। এর পরপরই কুয়েত ও বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান।
উল্লেখ্য, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং বিপুলসংখ্যক মার্কিন সেনার উপস্থিতি রয়েছে। ফলে দেশ দুটিতে ইরানের নতুন হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ব/নি-ব/জ