বর্তমান নিউজ ডেস্ক
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর, আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া। এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকা। এসব এলাকায় শিল্পকারখানার নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন।
অন্যদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও শিল্পাঞ্চলে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকা। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন বিজিবি সদস্যরা।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
ব/নি-ব/ত