বর্তমান নিউজ ডেস্ক
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং কার্যক্রম চালু রাখা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সদর দপ্তরের মনিটরিং সেল থেকে জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন করা বিজিবি সদস্যদের কার্যক্রম ও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যদের উপস্থিতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয়ের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব/নি-ব/ত