বর্তমান নিউজ ডেস্ক
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যাকাণ্ডে অভিযুক্ত সওদাগর মেহেদী হাসানকে (৩১) গণপিটুনিতে হত্যার পর তাঁর মরদেহ নিতে হাসপাতালে আসেননি পরিবারের কোনো সদস্য। সোমবার ভোর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা মরদেহটি মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত কেউ গ্রহণ করেননি। পরে মরদেহটি ফ্রিজিং করে সংরক্ষণ করা হয়।
নিহত মেহেদী হাসান ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান (৩৫)। তিনি মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঘটনার সময় সুরুজ জামান নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে মেহেদী হাসানের নাম সামনে আসে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, সুরুজ জামান হত্যার পর গভীর রাতে এলাকার লোকজন মেহেদীকে মারধর করেন। পরে মঙ্গলবার নয়, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার ভোর থেকেই মেহেদীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। একই দিন বাদ জোহর সুরুজ জামানের মরদেহ দাফন করা হয়। তবে এক দিন পেরিয়ে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে তাঁর পরিবারের কোনো সদস্য হাসপাতালে আসেননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি ফ্রিজিং করে সংরক্ষণের ব্যবস্থা করে।
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর মরদেহ নেওয়ার বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পুলিশ। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এরপরও তাঁরা মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশই মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করবে।
তিনি আরও জানান, সুরুজ জামান হত্যা এবং মেহেদী হাসানের গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি।
একটি হত্যাকাণ্ডের পর আরেকটি প্রাণহানির ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে গণপিটুনিতে কাউকে হত্যা করা আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল। কোনো অপরাধের অভিযোগ থাকলে তা তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি হওয়াই আইনি প্রক্রিয়া।
ব/নি-ব/জ