বর্তমান নিউজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা রাজধানীর মিরপুর মডেল থানার আরেকটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন ভার্চ্যুয়াল মাধ্যমে তাদের আদালতে হাজির দেখানো হয়।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ ও রমজান আলী আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহায়তায় তারা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তার দলের কয়েকজন কর্মী। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই সময় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে ওমর ফারুক শাকিলসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।
৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং সেখানে পুনরায় অস্ত্রোপচার করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত সোমবার তা মঞ্জুর করেন।
ব/নি-ব/জ