বর্তমান নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সোমবার (১৬ নভেম্বর) প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ঘটনার বিষয়ে তার আগের বক্তব্যের মাধ্যমে তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম তার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশঙ্কা জানান, সংসদে ঘটনাটিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ নভেম্বর সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি ঘটনার বিষয়ে একটি তথ্যভিত্তিক বক্তব্য দেন। তবে সেটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না।
তিনি জানান, ঘটনার দিন সকালেই ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে রাখা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কমিটিকে শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল। রোববার তাদের তদন্তের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার কমিটি প্রতিবেদন জমা দেবে। তদন্ত শেষ হওয়ার আগে তিনি কোনো চূড়ান্ত মন্তব্য করেননি বলেও জানান।
ঘটনার প্রাথমিক ধারণা সম্পর্কে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাননি। সে সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে বিষয়টি তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থলে প্রাণী মারা যাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য। সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কেউ বের হননি—এমন দাবি তিনি করেননি বলেও উল্লেখ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক নারীকে কোলে শিশু নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা গেছে বলেও জানান তিনি। এসব বিষয় তদন্তের অংশ বলে মন্তব্য করেন মন্ত্রী।
এ ছাড়া ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানান তিনি। টেলিফোনে হুমকির ঘটনায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্ত করার বিষয়েও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তদন্ত প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি কিংবা সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেননি। কোনো সংসদ সদস্যের ওপর হামলা কিংবা জানমালের ক্ষতি করার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে বলেও জানান তিনি।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে, এটি অসংসদীয় বক্তব্য নয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
ব/নি-ব/জ